প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২১:৩৫ (বৃহস্পতিবার)
মেসির অবসর নিয়ে বিস্ফোরক দাবি পারেদেসের

লিওনেল মেসি ও পারেদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর থেকেই ফুটবল বিশ্বের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর প্রসঙ্গ। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার দাবি, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হবে, এমন সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

 

নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের ১০৬তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী মেসি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। ম্যাচ শেষে রানার্সআপ পদক গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।

 

ফাইনালের পর থেকেই মেসির আন্তর্জাতিক অবসর নিয়ে জোর আলোচনা চলছে। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি, পারেদেসের বক্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। কোপা সুদআমেরিকানায় ও’হিগিন্সের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-০ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন পারেদেস এবং দলের একমাত্র গোলেও অ্যাসিস্ট করেন।

 

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুব কষ্টের, কারণ পুরো বিশ্বকাপজুড়েই আমরা চাইনি তার শেষ ম্যাচটা এসে যাক। আমার মনে হয়, জাতীয় দলের হয়ে এটিই তার শেষ ম্যাচ হবে, এমন সিদ্ধান্ত সে আগেই নিয়ে রেখেছিল। তবে আমি আশা করি, সেটা যেন সত্যি না হয়। সে যদি খেলতে চায়, সেটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের হবে। শেষ সিদ্ধান্ত অবশ্যই তার।’

 

স্পেনের বিপক্ষে ফাইনাল শুধু পরাজয়ের জন্য নয়, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের কারণেও ব্যাপক আলোচনায় আসে। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। সেই সংঘর্ষে পারেদেসকে স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়। অন্যদিকে নাহুয়েল মোলিনা স্পেন অধিনায়ক রদ্রিকে আঘাত করেন বলেও অভিযোগ ওঠে। ম্যাচ চলাকালেই এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ের বড় একটি অংশ ১০ জন নিয়ে খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। ঘটনার জেরে ফিফা তদন্ত শুরু করতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পারেদেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বিশ্বকাপ ফাইনালের ঘটনার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়লেও দেশে ফিরে ভিন্ন চিত্র দেখেছেন পারেদেস। বোকা জুনিয়র্সে ফিরে লা বোম্বোনেরায় অধিনায়ক হিসেবে মাঠে নামতেই দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পারেদেস বলেন, ‘সমর্থকদের প্রতি আমার কেবল কৃতজ্ঞতাই আছে। পুরো ম্যাচজুড়ে তারা যেভাবে আমাকে অভিনন্দন জানিয়েছে, সেটা সত্যিই দারুণ অনুভূতি। আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ।’

 

পারেদেসের মন্তব্যের আগে থেকেই মেসির অবসর নিয়ে নানা ইঙ্গিত সামনে এসেছে। ফাইনালের আগে টানেলে সতীর্থদের উদ্দেশে মেসিকে বলতে শোনা যায়, ‘শুধু খেলায় মনোযোগ দাও, অন্য সবকিছু ভুলে যাও।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, হয়তো ম্যাচের আগেই সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

এছাড়া ফাইনালে মেসির বুটে লেখা ছিল ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’, যা অনেকের কাছে তার বিদায়ের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। তবে এসবই এখন পর্যন্ত অনুমাননির্ভর। কারণ মেসি নিজে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি শুধু হতাশা প্রকাশ করে সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বকাপে মেসি আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন। কেবল ফাইনালেই তিনি গোল বা অ্যাসিস্টের খাতা খুলতে পারেননি।

 

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে কিনা, সেই উত্তর এখনও কেবল মেসির কাছেই আছে।