প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ২১:১৩ (বৃহস্পতিবার)
মারা গেছেন গজনি খ্যাত তারকা প্রদীপ

ছবি: সংগৃহীত

অভিনেতা প্রদীপ রাওয়াত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অভিনেতাকে প্রথমে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্ডির একটি ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

রাওয়াত হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম সিনেমার পরিচিত মুখ ছিলেন। তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার অভিনয়জীবন।

 

২০০৫ সালের তামিল চলচ্চিত্র গজনি-তে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত গজনি-র হিন্দি রিমেকেও একই চরিত্রে তাকে আবার নেয়া হয়।

 

এর আগে ২০০১ সালের লগান চলচ্চিত্রেও তিনি আমির খানের সঙ্গে কাজ করেছিলেন।

 

অনেক দর্শক প্রথমবারের মতো রাওয়াতকে চিনেছিলেন বি.আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ, যেখানে তিনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন।

 

যদিও ১৯৮৫ সালে মেরি জং চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে মহাভারত-এ তার অভিনয়ই তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

 

প্রদীপের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, স্টালিন, বীরম, 1: নেনোক্কাডিনে, লৌক্যম, নেনু সাইলাজা, সররাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রী, আয়িরাথিল ইরুভার, মার্কেট রাজা এমবিবিএস এবং মিস ম্যাচ।

 

তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল এস. এস. রাজামৌলির সিয়ে (২০০৪)। যার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।