প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০১ (রবিবার)
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত তালহার মেয়াদ বাড়ল, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

ছবি: সংগৃহীত

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। রাষ্ট্রদূতের নতুন দায়িত্বের সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন- তালহার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

 

সম্প্রতি চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রেখে চলতি বছরের ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে খন্দকার মোহাম্মদ তালহাকে রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খন্দকার মোহাম্মদ তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহার দীর্ঘ কূটনৈতিক জীবনের সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহার নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতারা বলেন, ফ্রান্সে বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সমৃদ্ধ হবে-এটাই তাদের প্রত্যাশা।

বাংলাদেশের সম্মান ও গৌরব সমুন্নত রেখে ফ্রান্সে বাংলাদেশের কূটনৈতিক পথচলা আরও এগিয়ে যাক-এই প্রত্যাশায় রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহার নতুন দায়িত্বের সাফল্য, সুস্বাস্থ্য ও সম্মানজনক কর্মজীবনের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সহসভাপতি আব্দুর রহিম, প্রফেসর তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন জিকো, ফারুক আহমদ, শিক্ষাবিষয়ক সহসম্পাদক সালাউদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক শেখ রুহেল, ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা জাহাঙ্গীর আলম মিলন ও ইকবাল হোসেন জগলু, সাবেক সদস্য সৈয়দ হেলাল আহমদসহ অনেকে।

এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক আলতাফুর রহমান, সাবেক সহসভাপতি মো. ছাদ ও জাবেদ হোসেন, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এখলাছুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ নুরুল ইসলাম, ফ্রান্স যুবদলের সহসভাপতি জিসাদ রহমান ও এরশাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের সভাপতি মাওলানা খালেদ আহমাদ জায়িম, খেলাফত মজলিশের কাওছার উদ্দিন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খাইরুল আমিন খছরু, ফ্রান্স যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ঢাকা ক্লাব ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক মির্জা সুমন, মৌলভীবাজার জেলা প্রবাসী কল্যাণ ফ্রান্সের সাধারণ সম্পাদক জুমার রহমান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি ফরিদুল হাসান, ফ্রান্স জমিয়তের সহসভাপতি কামরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাবেক সহসভাপতি আবুল কুদ্দুস এবং ফ্রান্স যুবদলের সহসভাপতি মির্জা খালেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।