ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরের নিলামের ভেন্যু হিসেবে গোয়াকে চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিলামটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্রিকবাজকে সাইকিয়া জানান, নিলামের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হলেও তা এখনো প্রকাশ করা হয়নি। তবে ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন নিলাম আয়োজনের সম্ভাবনা রয়েছে। এবারের নিলাম ছোট পরিসরের হওয়ায় একদিনেই কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।
গত তিন বছর আইপিএলের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছে। দুবাই, জেদ্দা ও আবুধাবির পর এবার নিলাম দেশে ফিরছে। অধিকাংশ আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পর গভর্নিং কাউন্সিল ভারতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেয়। তবে পরের বছর মেগা নিলাম হওয়ায় সেটি আবার বিদেশে আয়োজন করা হতে পারে।
নিলামের জন্য এমন একটি পাঁচ তারকা হোটেল খুঁজছিল বিসিসিআই, যেখানে ১০টি দলের বড় প্রতিনিধিদলসহ শতাধিক অতিথির থাকার ব্যবস্থা করা যায়। শেষ পর্যন্ত গোয়ায় এমন ভেন্যু পাওয়া গেছে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় মৌসুমের নিলামও গোয়ায় হয়েছিল। সেই নিলামে ইংল্যান্ডের দুই তারকা কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফকে ১৫ লাখ ৫০ হাজার ডলার করে দামে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। সে সময় এটিই ছিল নিলামের সর্বোচ্চ দাম।
তবে গোয়ার সেই নিলাম সবচেয়ে বেশি আলোচনায় আসে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেনিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের তীব্র লড়াইয়ের পর শাহরুখ খানের উপস্থিতিতে মাশরাফিকে ৬০ হাজার ডলারে কিনে নেয় নাইট রাইডার্স। তার ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।
এদিকে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.