আটক বাংলাদেশি যুবক আরমান। ছবি: সংগৃহীত
কুয়েতে এক ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আরমান নামের এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (৩১ অক্টোবর) ভোরে দেশটির শার্ক থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করলে তাকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি দাবি করেন, নিহত ইয়েমেনি নাগরিক তার শরীরে পানি ছিটিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তির ওপর হামলা চালান এবং হত্যা করেন।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি ভোরে শার্ক পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে কর্মকর্তার কাছে হত্যার কথা জানান। এ সময় তিনি ভীত ও উদ্বিগ্ন ছিল।
পরে কুয়েতের মুতলা শহরের একটি বিল্ডিং থেকে এক ইয়েমেনি নাগরিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার সঙ্গে বাংলাদেশি সন্দেহভাজনের স্বীকারোক্তির যোগসূত্র পাওয়া গেছে।
মরদেহ উদ্ধারের পর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে সেখানে পাবলিক প্রসিকিউশন, অপরাধ তদন্ত বিভাগ ও ফরেনসিক দলের সদস্যরা পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করেন।
জানা গেছে, ওই বাংলাদেশি আগে থেকেই নিজ আবাসস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নথিভুক্ত ছিলেন। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ এবং এর কথিত কারণ সম্পর্কে কুয়েতের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.