টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা বিকেলে খেললো ভারত ও পাকিস্তান। তবে সাফ চ্যাম্পিয়নশিপ ১৫তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ওই ম্যাচের পর। সন্ধ্যায় জমকালো আয়োজনের পর ২০০৩ সালের সাফজয়ী এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক করলেন ট্রফি উন্মোচন। আতশবাজির সঙ্গে শুরু হলো উদযাপন। সন্ধ্যায় শুরু হওয়া সেই উৎসবের আনন্দ জামাল ভূঁইয়ারা ধরে রাখলেন ভুটান ম্যাচ শেষ অব্দি। দারুণ জয়ের আনন্দ নিয়ে স্টেডিয়াম ছাড়ল লাল সবুজের সমর্থকেরা।
বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফে দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বদলি হিসেবে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহীম।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী কেবল সাফে এর আগে দুই দলের ৭ বারের মোকাবিলায় ৬বার জেতে বাংলাদেশ। একবার হয়েছে ড্র। আজকের জয়ে এই প্রতিযোগিতায় ভুটানের সঙ্গে অপরাজিত থাকার রেকর্ডটি আরও সমৃদ্ধ করল বাংলাদেশ।
শুরু থেকে আসি আসি করে সুযোগটা আসল ম্যাচের ১৭তম মিনিটে। ডান দিক থেকে রাকিবের দারুণ ক্রসে ছোট বক্সের সামনে লাফিয়ে হেডও নিয়েছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
২৫তম মিনিটে প্রথমে ফাহিমের শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। ফিরতি বলে জোরালো শট নেন সমিত, তবে সেটিও ফিরে আসে রক্ষণের বাধায়। বাংলাদেশ অবশ্য হ্যান্ড বলের আবেদন করলেও কর্ণপাত করেননি রেফারি। ওই মিনিটেই জটলার মধ্যে বিশ্বনাথের টোকায় জালের দেখা মেলেনি।
৩৯তম মিনিটে রাকিব হোসেনের দারুণ একটা রক্ষণচেড়া পাসে বল পেয়ে যান বিশ্বনাথ। তবে বলের লাইনে গিয়ে এই ম্যাচে নম্বর নাইন হিসেবে খেলা বিশ্বনাথ শট নেন পোস্টের পাশ দিয়ে। শেষ পর্যন্ত গোলশূন্য বিরতিতেই যায় দুই দল।
বিরতির পর ফাহিমের বদলি হিসেবে ফাহামেদুল ইসলামকে মাঠে নামান কোচ ডুলি। তবে আক্রমণে তাতে ধার বাড়েনি খুব একটা। উল্টো ৪৫ থেকে ৬৪ মিনিট পর্যন্ত সময়ে ভুটানের দখলে থাকে মধ্যমাঠ, দুএকবার বাংলাদেশের রক্ষণেও আতঙ্ক ছড়ায় দলটি।
৬৫তম মিনিটে জামালের জায়গায় সোহেল রানা এবং বিশ্বনাথকে বদলি করে ইব্রাহীমকে নামানো হয়। দুজন নামতেই ম্যাচের চিত্র বদলে যায়। ওই মিনিটেই ফাহামেদুলের বা প্রান্ত ধরে একটা লম্বা দৌড়, এরপর বক্সে ঢুকে শট নিলেও গোলকিপার গিয়েলশেন জাংপো ফিস্ট করে ক্লিয়ার করেন।
৬৮তম মিনিটে বক্সের বাইরে জায়ানের বাড়ানো লং বলে রাকিব হেডে বল ফিরে আসলে সমিতের ফিরতি হেড ভুটানের ডিফেন্ডারের সঙ্গে ডিফ্লেক্ট হয়ে যায় ইব্রাহিমের কাছে। সুযোগ পেয়ে কোনো ভুল করেননি ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ডান পায়ের শটে গোল করেন ফর্টিস এফসির এই ফুটবলার। বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায় ১-০ গোলে। বাকি সময় ওই গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচটি আগামী ১১ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা তার আগে ৮ নভেম্বর ভুটানকে মোকাবিলা করবে। এর আগে দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের খেলায় পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত।
আইটি ল্যাব সলিউশন্স লি.