বিশ্ব

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ২১:১৯

ছবি: সংগৃহীত

টেলিভিশনের পর্দায় যিনি ছিলেন তুমুল আলোচিত এক মুখ, সেই ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার নিজের কর্মস্থল বদলের ঘোষণা দিলেন। তবে কেন জনপ্রিয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন, সেই প্রশ্নের উত্তর এখনো খোলাসা করেননি তিনি।

ধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে রিপাবলিক বাংলা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি জানান, বুধবার সকালেই প্রতিষ্ঠানটিতে তার শেষ কর্মদিবস ছিল।

 

ফেসবুক পোস্টে ময়ূখ লিখেছেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়।” তবে বিদায়ের কারণ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

 

তিনি আরও লিখেছেন, সিদ্ধান্তটি হঠাৎ নেয়া নয়। ২০২৫ সালেই তিনি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি এই সাংবাদিক।

 

ময়ূখ রঞ্জন ঘোষ তার পোস্টে নিজের সাংবাদিকতার ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি লেখেন, তার কাজ হলো ‘গণজ্ঞাপন করা’ এবং বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা। একই সঙ্গে তিনি জানান, সময় হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানাবেন।

 

রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার পর ময়ূখের সমর্থক ও সমালোচকদের নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, একদল তাকে ভালোবাসে, আবার আরেকদল তার সমালোচনা করে— এই আলোচনাই তার কাজের অংশ।

 

কলকাতার এই সাংবাদিক বাংলাদেশেও পরিচিত মুখ। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে তার বিভিন্ন মন্তব্য নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।

 

রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার দিনই আরেকটি পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন ময়ূখ।

 

তবে নতুন কোথায় যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে কী করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি তিনি।

 

একটি টেলিভিশন অধ্যায়ের ইতি টানলেন ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু তার বিদায়ের চেয়েও বড় হয়ে উঠেছে এখন প্রশ্ন— পর্দার বাইরে তার পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে? সেই উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

বিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন