পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার ছেলে আবু হুরায়রা ১৮০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আবু হুরায়রা ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মসজিদপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারিকের ছেলে।
পুলিশ জানায়, হুরায়রার দেহ তল্লাশি করে মাদক বিক্রয়ের ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে আসামিসহ থানায় মামলা করা হয় এবং বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।
জানা গেছে, আবু হুরায়রা ৫ আগস্টের পর থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। তিনি ছাত্রদলের কর্মী বলেও নিজেকে পরিচয় দিতেন।
এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আব্দুল বারিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আবু হুরায়রা তার ছেলে, সে তার বাবার কথা মতো চলে না, নিয়ন্ত্রণের বাইরে।
ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজনীতি থেকে আরো পড়ুন