বিশ্ব

আমিরাতের ভিসা বাতিলের খবরে যা বলছে বাংলাদেশ দূতাবাস

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৩:১১

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি কয়েক হাজার বাংলাদেশীর ভিসা বাতিলের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এবার বিবৃতি দিয়েছে আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে নাগরিকদের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং হালনাগাদ তথ্যের জন্য সরকারি সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

 

বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, তারা এমন খবর পেয়েছে যে, ছুটিতে বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশী নাগরিক দেখতে পাচ্ছেন যে, কোনো উল্লেখিত কারণ ছাড়াই তাদের ভিসা বাতিল করা হয়েছে।

 

তবে দূতাবাস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি না অন্য কারণে ওই ভিসাগুলো বাতিল হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। পাশাপাশি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার জন্য আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখার কথা জানিয়েছে দূতাবাস।

 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নেতৃত্ব, যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারা পরিস্থিতিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

এতে বলা হয়, আমিরাতে বসবাসের অনুমতিপ্রাপ্ত প্রবাসীদের জন্য এটি স্বাভাবিকভাবেই ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

 

প্রসঙ্গত, আমিরাতে দক্ষ ও অদক্ষ মিলিয়ে ১০ লাখের বেশি বাংলাদেশী কর্মী বসবাস করেন। তবে সম্প্রতি কয়েক হাজার বাংলাদেশী ভিসা বাতিল হয়েছে মর্মে মিথ্যা, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

বিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন