ছবি : সংগৃহীত
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার এনেছে। মঙ্গলবার থেকে নতুন এই ফিচার চালু হয়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
নতুন ফিচারে থাকছে ওয়েবভিত্তিক কলিং সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করা এবং গ্রহণ করতে পারবেন।
এই ওয়েব কলিং ফিচারে ব্যক্তিগত (ওয়ান-টু-ওয়ান) ও গ্রুপ—উভয় ধরনের কল করা যাবে। এতে স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন এবং কলের ইতিহাস ও পছন্দের নম্বর সংরক্ষণের জন্য আলাদা ‘কলস’ ট্যাবের সুবিধাও রয়েছে।
ওয়েব কলিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ‘কল ট্রান্সফার’ নামের একটি নতুন ফিচারও চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো সক্রিয় গ্রুপ কল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে—যেমন মোবাইল ফোন থেকে ডেস্কটপে—সহজেই স্থানান্তর করতে পারবেন, কল কেটে আবার নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।
গ্রুপ কলের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্ল্যাটফর্মটি ‘ওয়েটিং রুম’ ফিচারও চালু করেছে। এতে অংশগ্রহণকারীদের একটি ভার্চুয়াল অপেক্ষমাণ স্থানে রাখা হবে, যতক্ষণ না হোস্ট তাদের প্রবেশের অনুমতি দেন।
এই আপডেটে কলের মান উন্নত করার জন্য দুটি প্রযুক্তিগত সুবিধাও যুক্ত করা হয়েছে। প্রথমটি হলো ‘কুইকএইচডি’, যা কল শুরু হওয়ার প্রথম মুহূর্ত থেকেই উচ্চমানের ভিডিও দেয়ার জন্য তৈরি করা হয়েছে।
আরেকটি হলো ‘নয়েজ সাপ্রেশন’ ফিচার, যা আশপাশের শব্দ কমিয়ে অডিওর স্বচ্ছতা বাড়াবে। এর ফলে ব্যবহারকারী ব্যস্ত বা কোলাহলপূর্ণ পরিবেশ থেকে কল করলেও তার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব নতুন সুবিধা ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
লাইফ স্টাইল থেকে আরো পড়ুন