খেলাধুলা

চুক্তি নবায়ন না হলে ভিনিসিয়ুসকে বিক্রিতে রাজি রিয়াল মাদ্রিদ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৩:৪১

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে নতুন চুক্তিতে রাখতে আগ্রহী হলেও আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ । বরং নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ছেড়ে দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না স্প্যানিশ ক্লাবটি।

 

ইএসপিএনের একাধিক সূত্রের দাবি, বর্তমানে বিষয়টি অনেকটাই ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রিয়াল মনে করছে, এখন হয় তিনি নতুন চুক্তিতে সই করবেন, নয়তো অন্য ক্লাবে যাওয়ার পথ বেছে নেবেন।

 

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার ভ্যালদেবেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

রিয়ালের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের নতুন কোনো বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে। গত মৌসুমেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে চুক্তি নবায়নে কোনো তাড়াহুড়ো করতে চাননি ভিনিসিয়ুস।

 

এদিকে, ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভিনিসিয়ুসের সঙ্গে আর্সেনালের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে এর আগে ইএসপিএন জানিয়েছিল, সম্ভাব্য এই ট্রান্সফারের আর্থিক দিক নিয়ে কাজ করছে লন্ডনের ক্লাবটি।

 

২০১৮ সালে কিশোর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি'অর পুরস্কারের ভোটে রানার্সআপ হয়েছিলেন এই ফরোয়ার্ড।

 

তবে গত মৌসুমে তৎকালীন কোচ জাবি আলোনসোর অধীনে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার পর তার প্রকাশ্য অসন্তোষ আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারায় ক্লাবের পরিবেশও কিছুটা চাপের মধ্যে রয়েছে।

 

এর মধ্যেই দল পুনর্গঠনে সক্রিয় রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া উইঙ্গার ইয়ান ডিওমান্দের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও দলে টানার ব্যাপারে আশাবাদী লস ব্লাঙ্কোস।

 

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে শনিবার অস্ট্রিয়ায় ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে আলকোরকন ও লেগানেসের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছে দলটি। নতুন দুই খেলোয়াড় ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এস্পিও ফিওরেন্তিনার বিপক্ষের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

 

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন