খেলাধুলা

হৃদয়ের ঝড়ের পর সাকিবের ব্রেকথ্রু, ফাইনালে জাফনা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ২১:২১

তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে এলপিএলের ফাইনালে উঠেছে জাফনা কিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার পর প্রথম কোয়ালিফায়ারেও দাপট দেখিয়েছে দলটি। গল গ্যালান্টসকে ২৪৩ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছেন সাকিব-হৃদয়রা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্যালান্টস। নুরুল হাসান সোহান গলের একাদশে জায়গা না পেলেও জাফনার একাদশে ছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান দুজনই।

যদিও শুরুতে হৃদয়কে খুব একটা ভাবতেই হয়নি দলের কথা। কারণ কামিল মিশারা ও খাজা নাফে মিলে রীতিমত উড়ছিলেন। অভিষকা ফার্নান্দো ১৪ বলে ১৯ রান করে বিদায় নিলে দুজনে গড়েন ১৩৮ রানের অনবদ্য জুটি। যে জুটি ভাঙে ৩২ বলে ৫৪ রান করে নাফে বিদায় নিলে। তার আগে বিপিএল দিয়ে উঠে আসা পাকিস্তানি এই তরুণ চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান।

দলীয় ১৭৩ রানে নাফে বিদায় নিলে অধিনায়ক ভানুকা রাজাপক্ষে নিজে ক্রিজে না নেমে ভরসা করেন হৃদয়ের ওপর। আর হৃদয় নেমেই শুরু করেন তাণ্ডব। একের পর এক ছক্কা হাকিয়ে ভেঙে দেন গল গ্যালান্টসের বোলারদের মনোবল। আর দলের রানও তড়তড় করে বাড়তে থাকে।

ঈশান মালিঙ্গার করা ১৯তম ওভারে টানা দুই ছক্কা হাঁকান হৃদয়। শেষ ওভার শুরু করেন প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকাকে ছক্কা হাঁকিয়ে। সেই ওভারে আরও একটি ছক্কা ও দুটি চার হাঁকান। এক ওভার থেকেই নেন ২২ রান। মাত্র ২০ বলে অর্ধশতক পূরণের পর ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনটি চারের সাথে হাঁকান পাঁচটি ছক্কা, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। তার এই দানবীয় ইনিংসের সামনে মলিন হয়ে যায় কামিল মিশারার ৫৫ বলে গড়া ১০৮ রানের অপরাজিত ইনিংসও। হৃদয়ের অবিশ্বাস্য ফিনিশিংয়ে নিরধারিত ২০ ওভার শেষ ২ উইকেট হারিয়ে ২৪২ রান দাঁড়ায় জাফনার সংগ্রহ।

জবাব দিতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে গলও। তবে হৃদয়ের ফিনিশিংয়ে যে পাহাড়সম রান জড়ো করেছিল জাফনা, তা পাড়ি দেওয়া সম্ভব হয়নি দলটির। বল হাতে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তবে শেষপর্যন্ত ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে জাফনা কিংস।

কিছুটা খরুচে হলেও সাকিবকে অবশ্য উইকেটশূন্য থাকতে হয়নি। ১৪তম ওভারে তিনি সাজঘরে ফেরান ভয়ংকর হয়ে ওঠা চামিকা করুনারত্নেকে, ২১ বলে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে যিনি ৩৯ রান করেন। সাকিবের এনে দেওয়া ব্রেক থ্রুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি গল। ফাইনালে যাওয়ার জন্য অবশ্য আরেকটি সুযোগ পাবে দলটি।

গলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার স্যাম হার্পারের ব্যাট থেকে। জাফনার পক্ষে মোহাম্মদ সিরাজ তিনটি ও লিজাড উইলিয়ামস দুটি উইকেট পান। একটি উইকেট পাওয়া সাকিব ৩ ওভারে খরচ করেছেন ৩৬ রান।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন