খেলাধুলা

হলান্ডের ছবি লাগানো ৩৭০ কেজি কোকেনের চালান জব্দ, গ্রে/প্তা/র চালক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ২১:৫৮

ছবি: সংগৃহীত

ইকুয়েডরে ৩৭০ কেজি কোকেনের একটি বিশাল চালান জব্দ করেছে দেশটির মাদকবিরোধী পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, উদ্ধার করা মাদকের প্রতিটি প্যাকেটেই ছিল ম্যানচেস্টার সিটির তারকা ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ডের ছবি।

 

ইকুয়েডর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রাকের নিচে বিশেষভাবে তৈরি করা ‘ডাবল বটম’ বা গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো। পান-আমেরিকান হাইওয়েতে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ট্রাকটি থামিয়ে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি করে ৩৭০টি শক্তভাবে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে হলান্ডের ছবি সংবলিত স্টিকার লাগানো ছিল।

 

ঘটনার পর ট্রাকচালককে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। তবে মাদকের প্যাকেটে ম্যানচেস্টার সিটির এই তারকার ছবি কেন ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি মাদক চোরাচালানকারীদের পরিচিত একটি কৌশল। বিভিন্ন চোরাচালান চক্র নিজেদের চালান শনাক্ত করা কিংবা নির্দিষ্ট ক্রেতা বা নেটওয়ার্কের কাছে পৌঁছানোর সংকেত হিসেবে প্যাকেটের গায়ে ফুটবল তারকা ও বিশ্বখ্যাত ব্যক্তিদের ছবি ব্যবহার করে থাকে। অর্থাৎ, ছবিগুলো অনেক সময় চালানের ‘কোড’ বা পরিচয়চিহ্ন হিসেবে কাজ করে।

 

হলান্ড অবশ্য প্রথম ফুটবলার নন, যার ছবি মাদকের চালানে পাওয়া গেল। এর আগে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অভিযানে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ছবি লাগানো মাদকের চালানও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন