খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ খেলবে কত দল? সিদ্ধান্ত জানাল ফিফা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ০২:২৩

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বার্তা সংস্থা ইউএনএন-এর প্রতিবেদন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ২০৩০ আসরে ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সূত্রটির দাবি, ইনফান্তিনো ইতিমধ্যে ফিফা ব্যুরোর সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০২৭ সালে পুনর্নির্বাচিত হলেও বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি আর জোর দেবেন না। এ-সংক্রান্ত পরিকল্পনা থেকেও সরে আসবেন তিনি।

 

এর আগে গত জুনে ইনফান্তিনো নিজেই বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত করার সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। পরে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেসও নিশ্চিত করেন, ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিয়ে ফিফা নতুন করে কাজ শুরু করেছে।

 

তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া এবারের আসরের পর ২০৩০ বিশ্বকাপেও দলসংখ্যা ৪৮-ই থাকছে।

 

বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসরটি অবশ্য আয়োজনের দিক থেকে হবে ব্যতিক্রমী। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ। এর মধ্যে উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়ের মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেনতেনারিওতে। বাকি ম্যাচগুলো আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন