প্রবাস

তুরস্কে ৩০ মিনিটেই হারিয়ে যাওয়া পাসপোর্ট-ব্যাগ ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ০২:২৮

বাংলাদেশি সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের সঙ্গে তুরস্কের ট্যাক্সিচালক ও বাস কোম্পানির কর্মী। ছবি: কেরামত উল্লাহ বিপ্লবের ফেসবুক থেকে নেওয়া

বিদেশ সফরে গিয়ে পাসপোর্ট, মানিব্যাগ ও ক্যামেরাভর্তি জরুরি ব্যাগ হারিয়ে এক মুহূর্তের জন্য মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল বাংলাদেশি সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের। যদিও তুরস্কের আঙ্কারায় স্থানীয় এক ট্যাক্সিচালক ও বাস কোম্পানির কর্মীদের অবিশ্বাস্য সততা ও আন্তরিক সহযোগিতায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই নিজের সবকিছু অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন তিনি।

 

চলতি কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন এই সাংবাদিক। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

বাংলাভিউ পাঠকদের জন্য সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

 

পাসপোর্ট হারালো...

টার্কিশ এয়ারের ফ্লাইটে সকালে ইস্তাম্বুল থেকে উড়ে এসে নামলাম আঙ্কারায়। বিমানবন্দর থেকে AnkaraAir-এর বাসে সিটি সেন্টারের কিজিলাইয়ে। তড়িঘড়ি করে ট্যাক্সি নিয়ে পৌঁছালাম আগে থেকে বুক করা হোটেলে।

ট্যাক্সি থেকে লাগেজ নামানোর পর হঠাৎ মনে হলো- আমার কাঁধের ব্যাগটি কোথায়?

মুহূর্তেই মাথায় যেন বাজ! ওই ব্যাগের ভেতরেই আমার পাসপোর্ট, মানিব্যাগ, জরুরি কাগজপত্র, ক্যামেরাসহ ভ্রমণের প্রায় সব গুরুত্বপূর্ণ জিনিস। বুঝতে পারলাম, বিমানবন্দর থেকে আসা বাসেই ব্যাগটি ফেলে এসেছি।

আমাদের ট্যাক্সিচালক Bayram Açıkgöz-Büklüm, Taxi 2181। তিনি শুধু তুর্কি ভাষায় কথা বলেন, আর আমি তুর্কি জানি না। মোবাইলের ট্রান্সলেটর ব্যবহার করে তাকে বিষয়টি বোঝালাম। বাসের টিকিটটি দেখালাম। তিনি সঙ্গে সঙ্গে ব্যাগ উদ্ধারের কাজে নেমে পড়লেন-বারবার ফোন করলেন, বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করলেন। কিন্তু প্রথমে কাউকেই পাওয়া যাচ্ছিল না।

পরে, গুগলে খুঁজে বাস কোম্পানির হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর বের করলাম। টিকিট ও ব্যাগের বিস্তারিত পাঠানোর কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো- ব্যাগটি পাওয়া গেছে! যে বাসে ফেলে এসেছিলাম, সেই বাসেই সেটি নিরাপদে আছে। তারা জানাল, আমি কিজিলাইয়ের যে জায়গায় নেমেছিলাম, ঠিক সেখানেই ব্যাগটি পৌঁছে দেওয়া হবে। টিকিট দেখালেই ফেরত পাব।

শেষ পর্যন্ত পাসপোর্ট, মানিব্যাগ, ক্যামেরা ও সব জরুরি কাগজপত্রসহ ব্যাগটি ফিরে পেলাম। ৩০ মিনিটের মধ্যে

কী অদ্ভুত স্বস্তির অনুভূতি! অথচ এখানকার মানুষের কাছে বিষয়টি নাকি খুবই স্বাভাবিক। হারানো জিনিস মালিকের কাছে ফিরিয়ে দেওয়াটাই নিয়ম; না পাওয়াটাই বরং অস্বাভাবিক!

একজন বিদেশি যাত্রী, ভাষাও জানেন না- তবু ট্যাক্সিচালক থেকে বাস কোম্পানির কর্মী পর্যন্ত সবাই যেভাবে হেল্প করলেন, তা সত্যিই মনে রাখার মতো।

সততা, মানবিকতা ও দায়িত্ববোধের এমন অভিজ্ঞতায় স্যালুট ধন্যবাদ আঙ্কারা।

প্রবাস থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন